ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধে উপায় খুঁজতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে। তুরস্কসহ বেলারুশে ইতোমধ্যে কয়েক দফা বৈঠকে হয়েছে মস্কো ও কিয়েভ প্রতিনিধির মধ্যে। এর মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করে বললেন, মস্কো বাহিনীর বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের আওয়াজ তুলে পশ্চিমারা রাশিয়া-ইউক্রেনের আলোচনাকে লাইনচ্যুতের চেষ্টা করছে।
ল্যাভরভ বলেন, কোনও প্রমাণ না দেখিয়ে মস্কো বিশ্বাস করে অভিযোগগুলো আলোচনার প্রক্রিয়াকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে। অবশ্য গত সপ্তাহে তুরস্কে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের পর তিনি আলোচনায় বেশ অগ্রগতির কথা শুনিয়েছিলেন।
ইউক্রেনের বুচাসহ কিয়েভের আশপাশে রুশ বাহিনী ছেড়ে যাওয়ার পরপরই গণকবরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো পথে পড়ে থাকা ইউক্রেনীয়দের মরদেহের খবর প্রকাশ করেছে। রুশ বাহিনী গণহত্যা এবং যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ করেছে কিয়েভ। এমন হত্যাযজ্ঞের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। যদিও এর সঙ্গে রুশ বাহিনীর কোনও সম্পকৃক্তা নেই দাবি করে একে ইউক্রেনের সাজানো নাটক বলে অবিহিত করেছে মস্কো।
সূত্র: আল জাজিরা।









