রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামার কোনও পরিস্থিতিই দেখা যাচ্ছে না। বরং মস্কোর নির্দেশে পূর্ব ইউক্রেন ভারী হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনের প্রসঙ্গে ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, ভলোদিমির জেলনস্কি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি আলোচনাই হতে পারে যুদ্ধ বন্ধের একমাত্র উপায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান উপদেষ্টা মাইখিলো পোদোলিয়াক বলেন, ইউক্রেনের পক্ষ থেকে আইনজীবী, পরামর্শদাতা এবং আলোচনাকারী দল এ বিষয়ে কাজ করে যাচ্ছে। এই আলোচনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থান অত্যন্ত শক্ত হবে বলেও মনে করেন তিনি।
পোদালিয়াক বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে পরিস্থিতি কোন দিক গড়াচ্ছে। তুরস্কে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শেষবার বৈঠক হয়। নতুন করে আলোচনার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না। আগের আলোচনা থেকেও তেমন কোনও ফলাফল আসেনি। এখন পূর্ব ইউক্রেনের মারিউপোলসহ ডোনেস্কের পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। মারিউপোল অনেকটা নিয়ন্ত্রণে নেওয়ার পথে রুশ বাহিনী। এমন অবস্থায় দুই দেশ নতুন করে আলোচনায় বসবে কিনা তা জানা যায়নি।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক শীর্ষ মিত্র দাবি করে বলেছেন, ইউক্রেনের অবরুদ্ধ শহরের শেষ শক্ত অবস্থান বৃহস্পতিবারই দখল করে নেবে রুশ বাহিনী। ইউক্রেন সেখান থেকে সেনা ও বেসামরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়ার পর মস্কোর তরফ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।








