ইউক্রেনের মারিউপোল শহরের শেষ প্রতিরোধ ঘাঁটি আজভস্টল স্টিল কারখানায় রুশ যুদ্ধবিমান বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। রবিবার আজভ রেজিমেন্টের এক ডেপুটি কমান্ডার একথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
আজভ রেজিমেন্টের টেলিগ্রাম অ্যাকাউন্টে সেভিয়াতোস্লাভ পালামার এক ভিডিও বার্তায় বলেন, নৌবাহিনীর আর্টিলারি ও কামান ব্যবহার করা হচ্ছে, ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়েছে এবং কারখানায় পদাতিক সেনারা কারখানায় ঢুকতে চেষ্টা করছে।
তিনি দাবি করেন, অর্থোডক্স খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব ইস্টারও রুশ সেনাদের থামাতে পারছে না।
কারখানার ভূগর্ভস্থ বাংকারে আটকে পড়া বেসামরিকদের বের করে নিতে যারা চেষ্টা করছেন তাদের ধন্যবাদ জানান পালামার। তিনি বলেন, ইউক্রেনের বিভিন্ন স্থানে যখন মানুষ ইস্টার উৎসব পালন করছেন তখন মারিউপোলে রুশ শত্রু সেনারা নিষ্পাপ শিশুদের মাথায় বোমা ফেলছে।
আজভ সাগরের উপকূলবর্তী কৌশলগত শহর মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনীর সদস্যরা কারখানাটিতে অবস্থান করছে। রাশিয়া তা ঘিরে রেখেছে। এখানে থাকা সেনাদের মধ্যে রয়েছে আজভ রেজিমেন্ট, মেরিন ব্রিগেড, বর্ডার গার্ড ও পুলিশ কর্মর্তারা।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারখানায় হামলার বদলে তা ঘিরে রাখার নির্দেশ দিয়েছিলেন।









