ইউক্রেনের একটি মিগ-২৯ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের সশস্ত্র বাহিনী পূর্ব ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক শহরের কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।
মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, রবিবার রাতজুড়ে রুশ সেনারা ইউক্রেনের গোলাবারুদের ডিপো এবং নিয়ন্ত্রণ কেন্দ্রসহ মোট ৩৮টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
মস্কোর এমন দাবির বিষয়ে কিয়েভের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে রবিবার ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণ বেলগোরোড অঞ্চলে একটি সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টেলিগ্রামে দেওয়া পোস্টে অঞ্চলটির গভর্নর ভিয়েচেস্লাভ গ্লাদকভ এই অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।








