ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওডেসার কাছে ইউক্রেনের একটি কর্ভেট যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এছাড়া ইউক্রেনের দুইটি এসইউ-২৪ বোমারু বিমান এবং একটি হেলিকপ্টারও গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। তবে আল জাজিরা জানিয়েছে, তাদের পক্ষ থেকে মস্কোর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আগের দিন শনিবারও ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, খারকিভ অঞ্চলের বোহোদুখিভ রেলওয়ে স্টেশনের কাছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক সরঞ্জামের একটি বিশাল মজুত তারা ধ্বংস করে দিয়েছে। এদিন ইউক্রেনের তিনটি গোলাবারুদের গুদামসহ মোট ১৮টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া।
এদিকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো নিয়ে ন্যাটোকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেছেন, ইউক্রেনের উদ্দেশে পাঠানো অস্ত্র বা সামরিক সরঞ্জামের চালানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে মস্কো।
উল্লেখ্য, এই যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদেশগুলো রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে। এভাবে অস্ত্র সরবরাহ পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি করছে রাশিয়া।









