ইউক্রেনের ডনবাস অঞ্চলের স্বেচ্ছাসেবকরা মাতৃভূমির জন্য লড়াই করছেন বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের বার্ষিক কুচকাওয়াজে দেওয়া ভাষণে এমন দাবি করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ভ্লাদিমির পুতিন বলেন, ডনবাসে যুদ্ধরত রুশ সেনা ও স্বেচ্ছাসেবীরা তাদের মাতৃভূমির জন্য লড়াই করছে। আপনারা আপনাদের মাতৃভূমি ও এর ভবিষ্যতের জন্য লড়াই করছেন।
তিনি বলেন, প্রতিটি সেনাসদস্য ও অফিসারের মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। তাদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্র তার সবকিছু করবে।
পুতিনের দাবি, পূর্ব ইউক্রেনের ডনবাসে একটি শাস্তিমূলক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমারা। ইউক্রেনে এখন রাশিয়ার সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শহরটি।
রুশ প্রেসিডেন্ট বলেন, তার দেশ ইউরোপকে একটি ন্যায্য সমঝোতার জন্য অনুরোধ করেছিল। কিন্তু পশ্চিমারা মস্কোর কথা শুনতে চায়নি।
ভ্লাদিমির পুতিন বলেন, ন্যাটো আমাদের ভূখণ্ডের কাছাকাছি এলাকায় জায়গা খুঁজতে শুরু করেছে। এটি আমাদের দেশ এবং আমাদের সীমান্তের জন্য একটি সুস্পষ্ট হুমকি।
ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযানকে একটি প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ বলেও দাবি করেন পুতিন। এদিন যুদ্ধে নিহত রুশ সেনাদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন পুতিন।









