ইউক্রেনীয় ও পশ্চিমা কর্মকর্তাদের বহুল আলোচিত ও প্রতীক্ষিত রুশবিরোধী পাল্টা আক্রমণ ঘোষণা দিয়ে শুরু করা হবে না বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। বুধবার তিনি বলেছেন, প্রতিরক্ষাবাহিনীর পাল্টা আক্রমণের ঘোষণার অপেক্ষা করা উচিত হবে না ইউক্রেনীয়দের। বিশেষ করে যখন নির্দিষ্ট পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া শুরু হয়েছে।
টেলিভিশনে প্রচারিত ভাষণে হান্না মালিয়ার বলেছেন, এমন কোনও দিন আসবে না যে দিন সশস্ত্র বাহিনী বলবে: আগামীকাল আমরা পাল্টা আক্রমণ শুরু করব।
তিনি বলেন, এটি অসম্ভব। কারণ যুদ্ধের মধ্যে এই তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা। এগুলো আমাদের প্রতিরক্ষাবাহিনীর পরিকল্পনা। আমরা প্রকাশ্যে এগুলো নিয়ে আলোচনা করতে পারি না। আমাদের সেনাবাহিনীও এগুলো নিয়ে আলোচনা করে না।
একই সময়ে তিনি জোর দিয়ে বলেছেন, নির্দিষ্ট পাল্টা আক্রমণের পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়ে গেছে। সাধারণভাবে এটি হলো রুশ দখলকৃত সব ভূখণ্ড মুক্ত করতে সশস্ত্রবাহিনী ও সরকারের কৌশলগত লক্ষ্য।
তিনি উল্লেখ করেছেন, সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের কাছে বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে। অগ্রগতির ভিত্তিতে এসব পরিকল্পনা বেছে নেওয়া হবে। নির্দিষ্ট কোনও একটি অভিমূখে পদক্ষেপ নেওয়া হবে না। কারণ শত্রুরাও এগুলোর পাল্টা প্রতিক্রিয়া দেখাবে। বুঝতে হবে, এসব সিদ্ধান্ত নেওয়া হয় খুব স্বল্প সময়ে। এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে শত্রুরা প্রতিক্রিয়া দেখানোর সময় না পায়।
উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, লিম্যান, বাখমুত, আভদিভকা ও মারিয়াঙ্কার আক্রমণে মনোযোগ দিচ্ছে রুশ সেনারা।
সূত্র: সিএনএন








