রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্য যেকোনোভাবে অর্জন করবে রাশিয়া। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে ফোনালাপে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানায়, ফোনালাপে ম্যাক্রোঁকে পুতিন জানান, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য হলো দেশটিকে নিরস্ত্রীকরণ করা এবং জোটনিরপেক্ষ হিসেবে প্রতিষ্ঠা করা।
পুতিন আরও বলেছেন, আলোচনায় ইউক্রেনের পক্ষ থেকে বিলম্ব সৃষ্টি করা হলে তা কেবল রাশিয়ার তালিকায় আরও দাবি যুক্ত করবে।
বুধবার ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য পুতিন দায়ী। বৃহস্পতিবার পুতিন ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, তার বক্তব্যের সঙ্গে তিনি একমত নন।









