শাহজালালে আগুন: ঘুরপাক খাচ্ছে বিশ্বাস-অবিশ্বাস আর সন্দেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ২১:০০আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২১:০০

শাহজালালের ইতিহাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে নানা সন্দেহের ডালপালা মেলেছে। ঘুরপাক খাচ্ছে বিশ্বাস, অবিশ্বাস আর সন্দেহ। কেউ বলছেন দুর্ঘটনা আর কেউ বলছেন নাশকতা। আবার কেউ কেউ বলছেন পূর্ব পরিকল্পিত। তবে ঘটনা যাই হোক শাহজালালের ইতিহাসে এ রকম ভয়াবহ ঘটনা যে আগে কখনওই ঘটেনি সেটির বিষয়ে একমত সবাই। এত বিশাল অঙ্কের ক্ষয়ক্ষতিতে স্তব্ধ ব্যবসায়ী থেকে শুরু করে সবাই। সরেজমিন পরিদর্শনে নানা লোকজনের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।

তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস পরিচালনাকারী বাংলাদেশ বিমানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দুর্ঘটনার বাইরে অন্য কিছু ভাবছেন না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তদন্ত কমিটি, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, গোয়েন্দা কর্মকর্তাদের অনুসন্ধানের আগে নাশকতার বিষয়টি তারা উহ্য রাখতে চান। তবে তদন্ত বা অনুসন্ধানে যদি ওই ধরনের কোনও কিছু পাওয়া যায় তবেই নিশ্চিত হয়ে অ্যাকশনে যেতে চান।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপদেষ্টা শেখ বশির উদ্দীন ও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘তদন্তের আগে কাউকে দোষী করে কোনও কিছু বলা ঠিক হবে না। আমরা তদন্ত করছি, তদন্তে যা পাওয়া যাবে সেগুলো নিয়ে কাজ করবো।’

এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ অনেকেই। বিশেষ করে সিএন্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন। তাদের দাবি পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সংগঠনটির সভাপতি মিজানুর রহমান এক বিবৃতিতে সরাসরি এমন দাবি করেছেন।

স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি বলেন, ‘এমন এক সময় এই ঘটনা ঘটলো, যখন দেশের অর্থনীতি খুব ভালো অবস্থানে নেই। আমরা যখন সবাই মিলে চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে দেশের এত বড় ক্ষতি হলো। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে। আশা করি সরকার সেটি খোঁজ করবে। আমরা শুধু বলবো আমাদের বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেলো। যা এর আগে কখনোই ঘটেনি।’

সিএন্ডএফ অ্যাজেন্ট কর্মী বলেন, ‘এই অগ্নিকাণ্ড এত ভয়াবহ হতো না। শুরুতেই এটি নিভিয়ে ফেলা সম্ভব ছিল। ভেতরেই ফায়ার সার্ভিসের গাড়ি ছিল। কিন্তু তারা কেন পারলো না সেটি খতিয়ে দেখতে হবে। দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু বিমানবন্দর সর্বোচ্চ নিরাপত্তার স্থান। সেখানে হাজার কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হলো। এতে কার কার গাফিলতি আছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।’

অবহেলার বিষয়টি সামনে আনেন আরেক কর্মী রবিউল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে থেকে কেন আমাদের সতর্কতা ছিল না। এতে কার অবহেলা রয়েছে। আর আগুন কেন দ্রুত নেভানো গেল না। তদন্তে সবদিক আনতে হবে। আমরা জানতে চাই কার অবহেলাতে আমাদের এত বড় সর্বনাশ হলো।’

আরেক কর্মী সোহেল বলেন, ‘আমরা ধরে নিলাম এটি দুর্ঘটনা। কিন্তু দেশের প্রধান বিমানবন্দরে আগুন নেভাতে ২৪ ঘণ্টা সময় লাগবে। তাহলে অন্যরা আছি কোথায়? কয়েকদিন আগে শুনলাম নিরাপত্তায় আমরা ১ নম্বর হয়েছি। এটিই কি ১ নম্বরের নমুনা। সব ধ্বংস হয়ে গেলো।’

রবিবার সকাল থেকেই দেখা যায়, কার্গো কমপ্লেক্সের সামনে শত শত কর্মীরা হতাশ হয়ে চেয়ে চেয়ে দেখছেন। বৃহস্পতিবার যেখানে তারা তাদের মূল্যবান মালামাল খালাসের জন্য প্রস্তুত করছিলেন আজ সেগুলো পুড়ে ছাই। তারা বলছেন, এমন ঘটনা শাহজালালের ইতিহাসে নেই। কারা করলো, কেন করলো, দুর্ঘটনাই কেন হলো, এত বড় ক্ষত মেনে নিতে কষ্ট হচ্ছে।

তবে তারা প্রশাসনের ওপর আস্থা রাখতে চান। তারা বলছেন, এই ঘটনা তাদের দুমড়ে-মুচড়ে দিয়েছে। প্রশাসন সার্বিক দিক বিবেচনা করে কীভাবে এই ঘটনা ঘটলো তা বের করবে।

প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। আগুনের কারণে বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। একইসঙ্গে ঢাকার বদলে সব বিমান চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে আটটি ফ্লাইট চট্টগ্রামে, তিনটি ফ্লাইট সিলেটে, চেন্নাই ও দিল্লি থেকে দুটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত ৯টার পর উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। তবে ছয় ঘণ্টায় ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ করে।

আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার, সিভিল অ্যাভিয়েশন, আনসারসহ ৩৫ জন আহত হন। এর মধ্যে আনসার সদস্যই রয়েছেন ২৫ জন। তাদের সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএইচআর/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
১৯ অক্টোবর ২০২৫, ২১:০০
শাহজালালে আগুন: ঘুরপাক খাচ্ছে বিশ্বাস-অবিশ্বাস আর সন্দেহ
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী