ইউক্রেনের তিন দিকে আরও সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে রাশিয়া। ক্রিমিয়া, পশ্চিম রাশিয়া ও বেলারুশসহ ইউক্রেনের সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে দেশটি। স্যাটেলাইটে ধারণকৃত রাশিয়ার এমন কার্যক্রমের নতুন ছবি সামনে এনেছে কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার।
ম্যাক্সার জানিয়েছে, উপগ্রহের ছবিতে দেখা গেছে, ক্রিমিয়ার তিনটি স্থানে নতুন করে বা অতিরিক্ত সামরিক স্থাপনা তৈরি করা হয়েছে। সেখানে সেনা, সামরিক সরঞ্জাম, যানবাহনসহ সাড়ে পাঁচ শতাধিক নতুন তাঁবু দেখা গেছে।
স্যাটেলাইটের ছবিতে পশ্চিম রাশিয়ার কুরস্ক এলাকায় অতিরিক্ত সামরিক সরঞ্জাম লক্ষ করা গেছে। যা ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর খারকিবের কাছাকাছি। খারকিব ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে প্রচুর সংখ্যক রুশ ভাষা জানা মানুষের বসবাস।
অন্যদিকে ইউক্রেন সীমান্ত থেকে ১৪ মাইল দূরে বেলারুশের জিয়াব্রোভক বিমান ঘাঁটিতেও সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে মস্কো। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের খবরে জানিয়েছে, জানুয়ারির শেষ দিকে ওই এলাকাটিতে তেমন সামরিক কার্যকলাপ চোখে পড়েনি। অথচ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্যাটেলাইটের প্রকাশিত চিত্রে বিমান ঘাঁটিতে হেলিকপ্টার, সামরিক যান, সেনা, তাঁবু, এমনকি হাসপাতালও দেখা গেছে।
সীমান্ত এলাকার কার্যক্রম দেখেই বোঝা যাচ্ছে মস্কো তার সামরিক উপস্থিতি কতটা বাড়িয়েছে। পুতিনের ছোট একটা নোটিশেই ওই অঞ্চলে যুদ্ধ শুরু করে দেবে সেনারা। তবে স্যাটেলাইটের নতুন ছবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করে আসছেন, ইউক্রেনে হামলা চালাবে না তার দেশ। তবে পশ্চিমা দেশগুলো সতর্ক করে আসছে, যেকোনও মুহূর্তে ইউক্রেনে হামলা চালাবে মস্কো।
এদিকে ইউক্রেনের সঙ্গে চলা দ্বন্দ্বের মধ্যেই কৃষ্ণ সাগর ও তৎসংলগ্ন আজভ সাগরে নৌ-মহড়া চালাচ্ছে রুশ বাহিনী। এ নিয়ে বৃহস্পতিবার কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। তিনি দাবি করেন, আন্তর্জাতিক জলসীমা অবরোধ করেছে রাশিয়া।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস।









