প্রতিবেশী রাশিয়ার আক্রমণের আশঙ্কায় থাকা ইউক্রেন শনিবার দেশটির নাগরিকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ নিজেদের নাগরিক ও দূতাবাস কর্মীদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দেওয়ার একদিন পর এই আহ্বান জানালো কিয়েভ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশে ঐক্য ও অস্থিতিশীলতার পদক্ষেপ এড়াতে এই মুহূর্তে শান্ত থাকা গুরুত্বপূর্ণ।
শুক্রবার যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়া যে কোনও হামলা চালাতে পারে বলে সতর্কতা জানিয়ে নাটকীয়ভাবে চলমান উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে, মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর ইউক্রেনে আক্রমণ করে বসতে পারে রাশিয়া।
চলমান যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি ও সতর্কতা জারি করলেও ইউক্রেন সরকারকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আসছে। এর আগে যুক্তরাষ্ট্রকে আতঙ্ক না ছড়ানোর কথাও বলেছিল দেশটি।
ইউক্রেন সরকারের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের বক্তব্য জনগণের নৈতিকতাকে আঘাত করছে এবং বাণিজ্যিক কর্মকাণ্ড কমে গিয়ে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণলায় বিবৃতিতে বলেছে, সশস্ত্র বাহিনী প্রতিনিয়ত পরিস্থিতি পর্যালোচনা করছে এবং আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের যে কোনও হুমকি ঠেকাতে প্রস্তুত রয়েছে।
এতে আরও বলা হয়, ইউক্রেনের কূটনীতিকরা গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং তথ্য সংগ্রহ করছেন। যা সময়োপযোগী পদক্ষেপ নিতে প্রয়োজন।









