ইউক্রেনে রুশ হামলার আশঙ্কার মধ্যেই দেশটি থেকে শরণার্থী নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে পোল্যান্ড। পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি বলেছেন, তার দেশ এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদামাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ইস্যুতে বেশ কয়েকটি বিষয় বিবেচনা করছে পোল্যান্ড। টুইটারে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি। তিনি বলেন, ‘এর মধ্যে একটি হলো ইউক্রেন থেকে উদ্বাস্তুদের সম্ভাব্য আগমনের সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক প্রশাসনের প্রধানদের প্রস্তুতি। একটি সম্ভাব্য সংঘাতের কারণে লোকজন আমাদের দেশে একটি নিরাপদ আশ্রয় খুঁজতে পারে।’
ইউক্রেনীয় নাগরিকদের বর্তমানে পর্যটনের উদ্দেশ্যে ৯০ দিনের জন্য ভিসা ছাড়াই পোল্যান্ডে প্রবেশের অনুমতি রয়েছে।
পোল্যান্ডে এমনিতেই ইউক্রেন থেকে আসা বহু অভিবাসী শ্রমিকের বসবাস। সরকারি তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে ইউক্রেন থেকে তিন লক্ষাধিক মানুষ পোল্যান্ডে রেসিডেন্স পারমিট নিয়েছে। এদের বেশিরভাগই তিন বছরের জন্য এই অনুমতি নিয়েছে।
এদিকে যে কোনও মুহূর্তে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বসতে পারে- পশ্চিমা শক্তিধর দেশগুলোর এমন হুঁশিয়ারি পেয়ে এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে। নাগরিকদের ফিরে আসতে বলা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিও রয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেনে হামলা চালালে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে।
ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, হামলার যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তা আতঙ্ক তৈরি করতে পারে। এই আতঙ্ককে তিনি ‘শত্রুদের প্রিয় বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছেন।
হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, যে কোনও সময় হামলা হতে পারে, আকাশ থেকে বোমাবর্ষণ করে আক্রমণ শুরু হতে পারে। তবে রাশিয়া এই ধরনের অভিযোগকে ‘উস্কানিমূলক অনুমান’ হিসেবে আখ্যায়িত করেছে।









