পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে তার প্রতি এই আহ্বান জানানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা-র স্পিকার ব্যাচেস্লাভ ভোলোডিন পার্লামেন্টের এমন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন যেন পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত দুইটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তার পক্ষে পার্লামেন্ট রায় দিয়েছে।
স্টেট দুমার স্পিকার পুতিনের ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য ভোলোদিন জানান, পার্লামেন্টের সিদ্ধান্ত অবিলম্বে ক্রেমলিনে পাঠানো হবে। তবে ক্রেমলিন এটি পর্যালোচনা করতে কতক্ষণ সময় নেবে সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।
শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন পেলে ইউক্রেন ইস্যুতে বিদ্যমান উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।
নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র দাবি করা পূর্ব ইউক্রেনের ওই দুই অঞ্চল হচ্ছে ডোনেস্ক ও লুহানস্ক। অঞ্চল দুইটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় ভূখণ্ড হলেও স্থানীয় ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের অধীনে এগুলো পরিচালিত হয়। এই কর্তৃপক্ষ নিজেদের ডোনেস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক হিসেবে পরিচয় দিয়ে থাকে।









