রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি ব্যাংকে সাইবার হামলা পরিচালনার অভিযোগ করেছে ইউক্রেন। বুধবার দেশটির উপ-প্রধানমন্ত্রী এই অভিযোগ করে বলেছেন, এমন বড় সাইবার হামলা আগে কখনও দেখা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ’র সাইবার সিকিউরিটি প্রধান ইলিয়া ভিটুয়িক জানান, তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব না। সাধারণ সাইবার হামলার মতোই নাশকতাকারীরা নিজেদের গোপন করার চেষ্টা করেছে।
কিন্তু তিনি আরও বলেছেন, এমন কিছুতে ও আমাদের দেশে আক্রমণ চালাতে আগ্রহী একমাত্র দেশ সীমান্তে সেনা মোতায়েন করে সম্ভাব্য হামলার আতঙ্ক ছড়াচ্ছে। এই আগ্রহী একমাত্র দেশ হলো রাশিয়া।
সাইবার হামলার দায় অস্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা কিছুই জানি না। প্রত্যাশিতভাবে ইউক্রেন সবকিছুতে রাশিয়াকে দায়ী করছে।
২০১৪ সালের যুদ্ধের পর থেকে ইউক্রেনে সাইবার হামলা চালানোর অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, ক্রেমলিন যদি সামরিকভাবে উত্তেজনা কমিয়ে আনে তবে এমন সাইবার হামলা অব্যাহত থাকতে পারে।








