পূর্ব ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া লুহানস্ক ও ডোনেস্ক-এ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছে বিদ্রোহী নেতারা। গত দুইদিন ধরে অঞ্চলটিতে ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে রুশ সমর্থিত বিদ্রোহীদের সংঘাতের মধ্যেই এই ঘোষণা আসলো। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
স্বঘোষিত প্রজাতন্ত্র ডোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) অঞ্চলের বিদ্রোহী নেতা ডেনিস পুশিলিন ভিডিও বার্তায় বলেন, নাগরিকদের মধ্যে যারা রিজার্ভে আছেন তাদের সামরিক কার্যালয়ে আসার অনুরোধ জানাচ্ছি। আমি সেনা সমাবেশ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছি।
এই সশস্ত্র বিদ্রোহী নেতা আরও বলেন, আমরা যে বিজয়ের লক্ষ্যে হাটছি প্রয়োজনে তা অর্জন করবো। আমরা আমাদের সবার জন্য এই বিজয় অর্জন করবো। আমরা ডনবাসের পাশাপাশি সব রুশ জনগণকে রক্ষা করবো বলেও মন্তব্য করেন তিনি।
এই বিদ্রোহী নেতার এমন ঘোষণায় ওই অঞ্চলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
এর আগে স্বঘোষিত ডোনেস্ক প্রজাতন্ত্র রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় বলেন, পূর্ব ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করতে সম্মত হয়েছে রাশিয়া। নারী, শিশু এবং বয়স্করা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানান তিনি।









