ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ইউক্রেনের এক সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, শনিবার সকালে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ইউক্রেনীয় সেনা মারা গেছেন।
পূর্ব ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া লুহানস্ক ও ডোনেস্ক-এ সম্প্রতি মস্কো সমর্থিত সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর একটা অজুহাত খুঁজছে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সতর্কবার্তার মধ্যেই অঞ্চলটিতে অস্থিরতা বিরাজ করছে। পুবে উত্তেজনার পেছনে ইউক্রেনের সেনাবাহিনীকে পাল্টা দায়ী করছে বিদ্রোহী নেতারা।
সেনা নিহতের ঘটনা এবং পূর্ব ইউক্রেনের সবশেষ পরিস্থিতি নিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী নিজেদের ফেসবুকে জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এর আগে জানায়, ৬৬টি বার লঙ্ঘনের কথা। মস্কো সমর্থিত বিদ্রোহীরা ২০ এর অধিক বাড়ি-ঘরে হামলা চালিয়েছে। এর মধ্যে ভারী কামানও ব্যবহার করেছে। যা মিনস্ক চুক্তিকে সম্পূর্ণ লঙ্ঘন করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। ওই সময়ে সংঘাত থামাতে বেলারুশের রাজধানী মিনস্কে চুক্তি সই হয়। রাশিয়া, ইউক্রেন এবং অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এই তৃপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে।
সূত্র: রয়টার্স।








