রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দুনিয়াকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে বিপর্যয়কর হামলা এড়াতে পুতিনকে রাজি করাতে হলে পশ্চিমা দুনিয়াকে অপ্রতিরোধ্য ঐক্য প্রদর্শন করতে হবে। শনিবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।
বরিস জনসন বলেন, ‘অপ্রয়োজনীয় রক্তপাত এড়ানোর সুযোগ এখনও রয়েছে। তবে সাম্প্রতিক ইতিহাসে আমরা যা দেখেছি তার বাইরেও পশ্চিমা সংহতির অপ্রতিরোধ্য প্রদর্শনের প্রয়োজন হবে।’
এদিন জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে রুশ দখলদারিত্বের যে হুমকি রয়েছে এশিয়া মহাদেশসহ পুরো দুনিয়াতে তার প্রভাব পড়বে।
এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, কোনও সতর্কতা ছাড়াই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান টম টুগেনধাত বলেছেন, রাশিয়া ইতোপূর্বে মিথ্যাচার করেছে এবং সেটি অব্যাহত রেখেছে। ফলে দেশটির কথায় যুক্তরাজ্যের বিশ্বাস করা উচিত নয়। রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে কিনা, সেটি শুধু একজন ব্যক্তি জানেন এবং তিনি কথা বলছেন না। তিনি হলেন ভ্লাদিমির পুতিন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে ‘হট্টগোল তৈরির জন্য একজন মাফিয়া ডনের বাড়ির বাইরে ঘেউ ঘেউ করা কুকুর’ হিসেবেও আখ্যায়িত করেন যুক্তরাজ্যের এই প্রভাবশালী এমপি।








