পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও ইউক্রেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে ওই অঞ্চলে দুই হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। শনিবার ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার পর্যবেক্ষকদের দ্বারা বিষয়টি নিবন্ধিত হয়েছে। রবিবার এক কূটনৈতিক সূত্র জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।
গত দুই দিনে পুবের ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্র ডোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর)-এ কয়েক দফা বোমা বিস্ফোরণের পাশাপাশি ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ইউক্রেনের এক সেনা নিহত হয়েছে বলে দাবি দেশটির সরকারের।
রুশপন্থী বিদ্রোহীরা ২০১৪ সাল থেকেই পুবের লুহানস্ক ও ডোনেস্ক দখল করে আছে। উল্লেখ্য,২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। ওই সময়ে সংঘাত থামাতে বেলারুশের রাজধানী মিনস্কে চুক্তি সই হয়। রাশিয়া,ইউক্রেন এবং অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এই তৃপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে।
ইউক্রেনের অভিযোগ মিনস্ক চুক্তি লঙ্ঘন করেই বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে রুশ বিচ্ছিন্নতাবাদীরা। এতে হতাহত এবং ক্ষয়ক্ষতি বাড়ছে। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন, মস্কোর এ ধরনের উসকানিতে পা দেবে না কিয়েভ।
সূত্র: রয়টার্স।








