ইউক্রেনের পূর্বাঞ্চলে কিছু অংশে সেনা পাঠানোর আদেশকে রুশ আক্রমনের সূচনা বলে অ্যাখায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ থেকে দেওয়া ভাষণে পুতিনের ডিক্রিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।
ডনবাসের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন রুশ প্রেসেডন্ট ভ্লাদিমির পুতিন। এতে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে পশ্চিমা দুনিয়ায়। পুতিনের এমন ঘোষণার পর এ নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট। এ দিন তিনি বলেন, পুতিনকে তার প্রতিবেশীদের অন্তর্ভুক্ত ভূখণ্ডে নতুন তথাকথিত রাষ্ট্র ঘোষণার অধিকার কে দিয়েছে? এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
রাশিয়া যদি এ ধরনের আগ্রসন অব্যাহত রাখে তবে তাদের চড়া মূল্য দিতে হবে। যার মধ্যে আছে নিষেধাজ্ঞা। বাইডেন আরও বলেন, আমরা এখনও বিশ্বাস করি যে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপক পরিসরে হামলা চালাতে প্রস্তুত।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছে নেই। তবে ন্যাটো প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষার প্রতিশ্রুতি দেন বাইডেন। একইদিন রাশিয়ার ওপর প্রথম দফায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। এটি স্বার্বভৌম ঋণের ওপর নিষেধাজ্ঞা। ফলে পশ্চিমা অর্থয়ান থেকে বিচ্ছিন্ন রাশিয়া। পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অর্থ গ্রহণ বা বাণিজ্য করতে পারবে না দেশটি। একই সঙ্গে দেশটির সামরিক ব্যাংকসহ দুটি বড় আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
রাশিয়া যদি তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখে তবে নিষেধাজ্ঞা আরও বৃদ্ধি পাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: এনপিআর, বিবিসি, আল জাজিরা।









