ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা এবং বিমান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই বিবৃতিতে ইউক্রেনের সেনা ঘাঁটির অবকাঠামো অকার্যকর করে দেওয়ার দাবি করা হয়েছে।
এছাড়া ইউক্রেনে রুশ প্লেন ও হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, লুহানস্ক অঞ্চলে তারা রাশিয়ার পাঁচটি প্লেন ও একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।
বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন ভাষণে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে নিন্দা শুরু হলেও ইউক্রেনে হামলা চালাতে থাকে রুশ বাহিনী।
এদিকে ইউক্রেনে অবস্থানরত চীনা নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে বেইজিং। কারণ হিসেবে চলমান সামরিক পদক্ষেপের কথা বলা হলেও রুশ বাহিনীর কথা উল্লেখ করা হয়নি। কিয়েভের চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়েছে আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বিশেষ করে যেসব শহরে গুরুতর অস্থিরতা চলছে।’
সূত্র: এপি








