ইউক্রেনে পূর্ণমাত্রায় রাশিয়ার সামরিক অভিযানকে শান্তির ওপর বড় আঘাত বর্ণনা করে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, রুশ প্রেসিডেন্টের এমন ঘোষণা আঞ্চলিক শান্তির ওপর আঘাত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বুধবার ভোরে ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরপরই ইউক্রেনে হামলা শুরু করে দিয়েছে রুশ বাহিনী।
এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন এরদোয়ান। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা রাশিয়ার সামরিক অভিযান প্রত্যাখ্যান করি। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। যা এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার ওপর একটা বড় আঘাত।
সংকট উত্তরণে অবিলম্বে সব পক্ষকে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন তিনি। আঙ্কারা ইউক্রেনের জেলেনস্কির সরকারকে সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি।









