ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা। এ ঘটনায় রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার ৬২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এর মধ্যে দেশটির ক্ষমতাধর অভিজাত গোষ্ঠীর সদস্য এবং শীর্ষস্থানীয় ব্যাংকগুলোও রয়েছে।
সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, রাশিয়ার বেপরোয়া এবং বিপজ্জনক সামরিক হামলার ফলে আমরা আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছি। এগুলোর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা পরপরই ইউক্রেনে পুরোদমে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক এবং ডোনেস্ক হয়ে দেশটিতে প্রবেশ করে রুশ সেনারা। স্থল, আকাশ এবং নৌ পথে অভিযান চালাচ্ছে রাশিয়া। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। ইউক্রেনের বিভিন্ন জায়গায় উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। তবে অবস্থা দেখে মনে হচ্ছে, রাজধানী কিয়েভ দখল নিতে খুব বেশি দেরি নেই মস্কোর। রাশিয়ার এমন পদক্ষেপের নিন্দায় সরব হয়েছে পশ্চিমা দেশগুলো। এরইমধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলো।









