ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের দ্বিতীয় দিনেই রাজধানী কিয়েভের দোরগোড়ায় পৌঁছে গেছে রুশ ট্যাংক। পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে তাতে ধারণা করা হচ্ছে, রুশ বাহিনীর হাতে কিয়েভের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এমন বাস্তবতায় কিয়েভের বাসিন্দাদের রুশ বাহিনীকে প্রতিরোধের আহ্বান জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
কিয়েভের উত্তরাঞ্চলীয় একটি জেলায় এরইমধ্যে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। ওবোলোনস্কি এলাকায় বিশাল বিস্ফোরণের শব্দ শহরের কেন্দ্রস্থল পর্যন্ত শোনা যায়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, আমরা নাগরিকদের রুশ সেনাদের গতিবিধি সম্পর্কে জানাতে, মোলোটভ ককটেল তৈরি করতে এবং শত্রুদের শেষ করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি বুঝতে পারছেন রুশ সেনারা তাকে টার্গেট করেই কিয়েভের উদ্দেশে অগ্রসর হচ্ছে। তবে তিনি শহর ছাড়বেন না, কিয়েভেই থাকবেন।








