রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটির জন্য জোট নিরপেক্ষ অবস্থানের বিষয়ে আলোচনার যে প্রস্তাব দিয়েছেন তা বিবেচনা করবে মস্কো। রুশ হামলার দ্বিতীয় দিন শুক্রবার রাজধানী কিয়েভে আক্রমণকারী সেনারা পৌঁছে যাওয়ার পর আলোচনার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই বিষয়ে আলোচনার জন্য তিনি প্রস্তুত।
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি এটি ‘ইতিবাচক দিকে একটি পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।
সাংবাদিকদের সঙ্গে একটি কনফারেন্স কলে পেসকভ জানান, আমরা এটায় মনোযোগ দিয়েছি এবং আমাদের তা পর্যালোচনা করতে হবে।
তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, জেলেনস্কি যখন ইউক্রেনের জন্য জোট নিরপেক্ষ অবস্থানের কথা বলছেন তখন তিনি মিথ্যাচার করেছেন।
এক ব্রিফিংয়ে ল্যাভরভ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনের সঙ্গে জোট নিরপেক্ষ অবস্থান নিয়ে আলোচনা করেছিলেন তখন জেলেনস্কি সুযোগ হারিয়ে ফেলেছেন।
পুতিন বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখতে মস্কোর দাবি পশ্চিমারা প্রত্যাখ্যান করা আক্রমণ করা রাশিয়ার সামনে কোনও পথ ছিল না।









