রাশিয়ার একটি সামরিক বহর ঠেকানোর চেষ্টা করা ইউক্রেনের এক ব্যক্তির ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এই ভিডিওটি চীনের তিয়ানানমেন স্কয়ারের ‘ট্যাংক ম্যান’-এর কথা মনে করিয়ে দিচ্ছে বিশ্বকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।
ইউক্রেনের সংবাদমাধ্যম এইচবি ৩০ সেকেন্ড দীর্ঘ ভিডিওটি প্রকাশ করেছে। এতে দেখা দেখা গেছে, সামরিক গাড়িবহরের সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। যানগুলো যখন গতিপথ পাল্টানোর চেষ্টা করে তখন ওই ব্যক্তিও সেদিকে সরে যান। দৃশ্যত যা সামরিক যানগুলোকে ঠেকানোর প্রচেষ্টা।
টুইটারে এইচবি লিখেছে, দখলদাররা যাতে এগিয়ে যেতে না পারে সেজন্য ইউক্রেনীয়রা শত্রুর সরঞ্জামের সামনে এসে দাঁড়াচ্ছেন।
এই ভিডিওটি চীনের বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে চারটি চীনা ট্যাংকের সামনে এক ব্যক্তির দাঁড়িয়ে থাকার ঐতিহাসিক ছবিটির কথা মনে করিয়ে দিচ্ছে। গণতন্ত্রপন্থীদের নৃশংসভাবে চীনা সরকার দমনের পর ছবিটি তোলা হয়েছিল। যা স্বৈরচারিতার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। টাইম সাময়িকীর সর্বকালের ১০০ প্রভাবশালীর তালিকাতেও স্থান পেয়েছে।
ফ্রিল্যান্স সাংবাদিক হেনরি ল্যাংসটন টুইটারে লিখেছেন, নির্ভীক সাহসী ইউক্রেনীয় ব্যক্তি রাশিয়ার একটি সামরিক বহর আটকানোর চেষ্টা করছেন শুধু নিজের শরীর দিয়ে। যেমনটি তিয়ানানমেন স্কয়ারে ‘ট্যাংক ম্যান’ করেছিলেন।
ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে গাড়িবহরের যানগুলোর গায়ে ‘জেড’ লেখা ছিল। যানের সংখ্যা ছিল দশটির বেশি। ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশের সময় রাশিয়ার সেনাবাহিনীর ট্রাকে ‘জেড’ প্রতীক দেখা গেছে।








