নিজ দেশের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ফ্রান্স। ইউরোপীয়ান ইউনিয়ন নিজেদের আকাশসীমায় রুশ প্লেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এই ঘোষণা দিয়েছে ফ্রান্স।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া এবং ইউরোপের মধ্যে বিমান চলাচলের ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার কারণে, জোরালোভাবে সুপারিশ করা যাচ্ছে যে, রাশিয়ার ভেতর দিয়ে চলাচলকারী ফরাসি নাগরিকেরা (পর্যটক, ভ্রমণকারী, শিক্ষার্থী, দায়িত্বরত পেশাজীবী) বিদ্যমান আকাশ সংযোগ ব্যবহার করে অবিলম্বে দেশটি ছেড়ে দিন।’
একই সঙ্গে ওই বিবৃতিতে কোনও ফরাসি নাগরিকের রাশিয়া সফরের পরিকল্পনা থাকলে তা বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ২৭ দেশের জোট ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) জানায় রুশ এয়ারলাইন্সগুলোর জন্য তারা তাদের আকাশসীমা বন্ধ করে দেবে। ইউরোপীয়ান কমিশনের প্রধান ভন ডার লিয়েন বলেন, ‘আমরা রাশিয়ানদের জন্য ইইউ এর আকাশসীমা বন্ধ করে দিচ্ছি। আমরা রাশিয়ার মালিকানাধীন, রাশিয়ায় নিবন্ধিত কিংবা রাশিয়ার নিয়ন্ত্রিত সব প্লেন নিষিদ্ধ করার প্রস্তাব করছি। এসব প্লেন আর অবতরণ, উড্ডয়ন কিংবা ইইউ এর ওপর দিয়ে উড়তে পারবে না।’









