রাশিয়ার সর্বাত্মক অভিযানের শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ৩৫২ জন বেসামরিক নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ শিশু রয়েছে। হতাহতের এমন পরিসংখ্যান দিয়েছে ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান রুশ আগ্রাসনে নারী ও শিশুসহ ১ হাজার ৬৮৪ জন বেসামরিক আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। ইউক্রেনজুড়েই লড়াই চলছে। রুশ বাহিনীকে পরাস্ত করতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা। তবে রবিবার অভিযান আরও জোরালো করেছে রাশিয়া। খারকিভসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে রবিবার উভয়পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে। দেশজুড়ে রুশ সেনা অভিযানের মধ্যে এমন কথা জানান জেলেনস্কি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন মনোভাবের কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
সূত্র: বিবিসি, আল জাজিরা।









