রাশিয়া ইউক্রেনকে মুছে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রুশ আগ্রাসনের সপ্তম দিনে এক ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন, এর ইতিহাস এবং জনগণকে মুছে ফেলার লক্ষ্যে কাজ করছে রাশিয়া। দেশটির বাহিনীকে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
রুশ আগ্রাসন মোকাবিলায় পশ্চিমা দুনিয়ার প্রতিক্রিয়া যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আপনারা কি দেখতে পাচ্ছেন না কী ঘটছে? নাৎসিবাদের জন্ম হয় নীরবতার মধ্যে। তাই বেসামরিকদের হত্যার বিরুদ্ধে আওয়াজ তুলুন, ইউক্রেনীয়দের হত্যা সম্পর্কে আওয়াজ তুলুন।’
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য ইউক্রেনের আবেদনকে সমর্থন দিতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান জেলেনস্কি।
আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত প্রায় ছয় হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।









