নতুন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে প্রকাশ বার্তায় তিনি রুশ আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন।
ফেসবুকে পোস্ট করা ওই বার্তার ক্যাপশনে লেখা রয়েছে, ‘প্রত্যেক দখলদারের জানা উচিত: তারা ইউক্রেনীয়দের কাছ থেকে তীব্র প্রতিরোধ পাবে।’
গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইউক্রেনের প্রেসিডেন্ট অজ্ঞাত স্থান থেকে বলেন, ‘আমরা এমন এক জাতি যারা এক সপ্তাহের মধ্যে শত্রুদের পরিকল্পনা ভেঙে দিয়েছি।’ তিনি বলেন, আমরা তাদের থামিয়ে দিয়েছি।’
ভলোদিমির জেলেনস্কি জানান আটক হওয়া রুশ সেনারা জানে না তারা কেন এসেছে। আর ‘শত্রু সেনারা এখন রাশিয়ায় ফের পালিয়ে যাচ্ছে।’ রুশ সেনাদের ‘বিভ্রান্ত শিশু’ আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, তাদের ব্যবহার করছে তাদের মস্কোর নেতারা।
কোনোটোপ, ভাসটানকা, এনারগোদার এবং মেলিটোপোল শহরের নাগরিকদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি দাবি করেন এসব শহরের বাসিন্দারা রুশ সেনাদের ঠেকাতে সড়ক অবরোধ করে রেখেছে।
জেলেনস্কি জানান তিনি সম্প্রতি নরওয়ে, ইসরায়েল, কাজাখস্তান, কাতার, কানাডা, পোল্যান্ড এবং ইউরোপীয়ান কাউন্সিলের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
এছাড়া ইউক্রেনীয় ১৫ সেনাকে ‘ইউক্রেনের বীর’ আখ্যা দেওয়ার ডিক্রিতে সই করার কথা জানান জেলেনস্কি। এদের মধ্যে নয় জন মরণোত্তর এই উপাধি পেয়েছেন।
সূত্র: বিবিসি









