ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি পুতিনের সঙ্গে কথা বলতে চাই, বিষয়টা এমন নয়। আমাকে পুতিনের সঙ্গে কথা বলতে হবে। বিশ্বকে পুতিনের সঙ্গে কথা বলতে হবে। এই যুদ্ধ থামানোর আর কোনও উপায় নেই’।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের কাছে কী চান? আমাদের ভূখণ্ড ত্যাগ করুন। আমার সঙ্গে আলোচনায় বসুন, তবে ৩০ মিটার দূরত্বে নয়'।
গত সপ্তাহে রুশ বাহিনীকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের শুরুর ঘোষণা দেন পুতিন। দেশটির সরকারকে নব্য-নাৎসি অ্যাখা দিয়ে উচ্ছেদের ঘোষণা দেন তিনি। গত ৮ দিন ধরে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুললেও ইউক্রেনের খেরসেনসহ বেশ কয়েকটি শহর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পাশাপাশি মারিউপলেও সংঘর্ষ চলছে। রাজধানী কিয়েভকে ঘিরে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে সেনারা। টানা আটদিনের সংঘাতে কয়েক শতাধিক বেসামরিক নিহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ইউক্রেনে নো-ফ্লাই জোন আরাপে পশ্চিমা নেতাদের প্রতি ফের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে তার এমন অনুরোধ প্রত্যাখান করে যুক্তরাষ্ট্র। দেশটি জানায়, এই ধরনের পদক্ষেপে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ টেনে আনতে পারে। জেলেনস্কি বলেন, ‘আকাশসীমা বন্ধের ক্ষমতা যদি আপনাদের নাই থাকে তবে, আমাদের যুদ্ধবিমান দিন’।
কিয়েভে সামরিক সহায়তা বাড়াতে পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।








