যুক্তরাজ্যে আশ্রয় পাচ্ছে না ইউক্রেনীয় শরণার্থীরা!

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২২, ০০:০৩আপডেট : ১০ মার্চ ২০২২, ০০:১৮

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনটাই দেখা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে। মানবিক সহায়তা প্রদান, ইউক্রেন সরকারের সঙ্গে সংহতি এবং রাশিয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সামনের কাতারেই তার অবস্থান। পুতিনের ওপর চাপ বাড়াতেই তৈরি করেছেন ছয় দফা পরিকল্পনা। তবে তার পরিকল্পনায় একটি বিষয়ের অনুপস্থিতি লক্ষ্যণীয়। সেটি হচ্ছে ইউক্রেন থেকে বাস্তুচ্যুত লোকজনের আশ্রয়ের বিষয়টি।

শত শত বাস্তুচ্যুত ইউক্রেনীয় যখন যুক্তরাজ্যে পৌঁছানোর কোনও আইনি সুযোগ ছাড়াই ক্যালাইস শহরে আটকা পড়েছিল তখন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন তার ব্রিটিশ সমকক্ষ প্রীতি প্যাটেলকে একটি চিঠি পাঠিয়েছেন।

ব্রিটিশ বর্ডার এজেন্সির কর্মকর্তারা ইউক্রেনীয়দের সাফ জানিয়ে দেয়, যুক্তরাজ্য অভিমুখে যাত্রা চালিয়ে যেতে হলে তাদের প্রথমে নিকটতম ব্রিটিশ কনস্যুলেটে ভিসার জন্য আবেদন করতে হবে।

প্যাটেলকে লেখা চিঠিতে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত মানুষের প্রতি যুক্তরাজ্যের প্রতিক্রিয়ায় ‘মানবতার অভাব’ পরিলক্ষিত হয়েছে। প্রায় ৬০০ ইউক্রেনীয় এখন ক্যালাইসে রয়েছে, তাদের মধ্যে অন্তত ১৫০ জনকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার আগে নিকটবর্তী ব্রিটিশ দূতাবাসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেরাল্ড ডারমানিন লিখেছেন, ‘এই সংকটকালীন মুহূর্তে পারিবারিক পুনর্মিলনের জন্য, অবিলম্বে ভিসা ইস্যু করার জন্য সীমান্তে একটি কনস্যুলার স্থাপন করা অপরিহার্য।’

ফ্রান্সের উত্তরের ক্যালাইস এলাকাটি হচ্ছে যুক্তরাজ্যে পৌঁছানোর আশায় জড়ো হওয়ার জন্য একটি সাধারণ স্থান। প্যারিস মনে করে, আশ্রয়ের দাবি করার জন্য লোকজনের বৈধভাবে যুক্তরাজ্য ভ্রমণের খুব কমই সুযোগ রয়েছে।

ব্রিটেনের শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা এনভার সলোমন। তিনি বলেন, ‘ক্যালাইসে যদি এমনটা ঘটে থাকে তাহলে এটি ভয়ঙ্কর একটি বিষয়। এখানে সহানুভূতির বিরক্তিকর অভাব দেখা গেছে। এটি আমাদের আশ্রয় ব্যবস্থার প্রতিকূল পরিবেশকে তুলে ধরেছে।’

‘ক্ষুদ্র একটি সংখ্যা’

জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, অন্তত ২০ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে। তাদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ। তাদের মধ্যে প্রায় ১০ লাখ প্রাথমিকভাবে প্রতিবেশী পোল্যান্ডে গেছে। দুই লাখ মানুষ গেছে মালদোভায়। অর্ধলক্ষ মানুষ জার্মানিতে শরণার্থী হিসেবে তাদের আগমন নিবন্ধন করেছে। যদিও প্রকৃত সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে, কারণ দেশটিতে আগমনের সঙ্গে সঙ্গে নিবন্ধন করার কোনও বাধ্যবাধকতা নেই। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনীয়দের সদস্য রাষ্ট্রে তিন বছরের সুরক্ষিত মর্যাদা দিয়েছে। এর মধ্যে ওয়ার্ক পারমিট এবং স্বাস্থ্য বিমাও রয়েছে।

যুক্তরাজ্যের নীতিগুলো মূলত পারিবারিক পুনর্মিলনের মধ্যে সীমাবদ্ধ, যা তুলনামূলকভাবে অতি সামান্য বা কার্পণ্যপূর্ণ বলে প্রতীয়মান হয়। যুক্তরাজ্যে বসবাসকারী প্রায় ১৮ হাজার ইউক্রেনীয়দের সঙ্গে থাকার জন্য আবেদনের যোগ্য ব্যক্তির সংখ্যা এমনিতেই সীমিত। সোমবার পর্যন্ত বাস্তুচ্যুত ইউক্রেনীয়দের জন্য যুক্তরাজ্য মাত্র ৫০টির মতো ভিসা দিয়েছে।

যুক্তরাজ্যের ইউরোপীয় প্রতিবেশী এবং আমেরিকা বিষয়ক মন্ত্রী জেমস ক্লেভারলি সোমবার সম্প্রচারমাধ্যম স্কাই নিউজকে বলেছেন, ‘আমাদের এমন প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে যুক্তরাজ্যে যাদের পরিবার রয়েছে এবং প্রকৃতপক্ষে যাদের পরিবার নেই তারাও এখানে আসতে পারে। আপনি বলছেন যে, এখন পর্যন্ত শুধু ছোট একটি সংখ্যা এসেছে। আমি আপনাকে মনে করিয়ে দেবো যে, প্রক্রিয়াটি সবেমাত্র শুরু হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে রয়েছে। সেখানেই আমরা প্রাথমিকভাবে সহায়তা প্রদান করছি। কারণ বর্তমানে সমস্যাটি সেখানে। আমরা এই লোকদের সাহায্য করতে চাই, তারা বুলগেরিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ডে হোক না কেন, যেখানে বর্তমানে বিপুল সংখ্যক লোক রয়েছে, তবে তারা যখন যুক্তরাজ্যে আসবে তখন তাদের সাহায্য করতে চাই।’

ক্ষমতাসীনদের মধ্যেই বিবাদ 

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সদস্যরা সোমবার তাদের নিজ দলের মধ্যকার বিশৃঙ্খলা প্রত্যক্ষ করেছেন। ইউক্রেনের সীমান্ত ঘুরে এসে দলীয় ঘরানার দৈনিক ট্যাবলয়েড দ্য সানের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। তিনি বলেন, ‘আমি এখন একটি মানবিক পথ তৈরির জন্য আইনি বিকল্পগুলো খুঁজছি। অর্থাৎ, ইউক্রেনের সংঘাত থেকে পালিয়ে যুক্তরাজ্যের সঙ্গে কোনও সম্পর্ক ছাড়াই যে কেউ এই দেশে আসার অধিকার পাবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য বিষয়টি নিয়ে তার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত নন বলে প্রতীয়মান হচ্ছে। সোমবার তিনি বলেছেন, লোকজন কোনও যাচাই বা কোনও নিয়ন্ত্রণ ছাড়াই যুক্তরাজ্যে আসতে পারে, এমন কিছু তার সরকার করবে না।

তিনি বলেন, ‘তবে আমরা যা করবো তা হলো এমন একটি সিস্টেম যা খুব, খুব উদার।’

মঙ্গলবার এক ব্রিফিংয়ে জনসনের মুখপাত্র জানান, ইউক্রেনীয়রা কেবল তখনই যুক্তরাজ্যমুখী হতে পারে যদি তাদের সেখানে নিকটাত্মীয় থাকে বা তাদের স্পন্সর করতে ইচ্ছুক কেউ থাকে।

ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক সিলেক্ট কমিটির কনজারভেটিভ চেয়ার টম তুগেনধাত। তার মতে, বাস্তুচ্যুত ইউক্রেনীয়দের প্রতি যুক্তরাজ্যের নীতি ‘অবশ্যই সফল নয়।’ যাদের সবচেয়ে বেশি সমর্থন প্রয়োজন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন তাদের দরকারি সহায়তা দিতে পারে সে বিষয়টি নিশ্চিতের তাগিদ দেন তিনি।

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দিতে ব্রিটিশ সরকারের ব্যর্থতার সমালোচনা করেছে।

মঙ্গলবার দ্য মিররে প্রকাশিত এক কলামে লেবার পার্টির একজন নেতা, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেন, ‘অনেক পরিবার এখনও স্বরাষ্ট্রমন্ত্রীর স্কিমে অন্তর্ভুক্ত নয়। এখানে বন্ধুদের সঙ্গে যোগ দেওয়ার জন্য তাদের এখনও কোনও সুযোগ নেই। স্বরাষ্ট্র দফতরের আমলাতন্ত্র সবকিছুকে ধীর গতির করে দিচ্ছে। আমি যে পরিবারগুলোর কথা শুনেছি তারা ক্লান্ত এবং মরিয়া।’ সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম