ইউক্রেনের ক্রমবর্ধমান সংকট নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন কনফারেন্স হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের। জার্মান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার এই তিন নেতার মধ্যে ফোন কনফারেন্স হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়েই পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ হয় ম্যাক্রোঁ ও শলৎসের।
যুদ্ধ বন্ধে রাশিয়া এবং ইউক্রেনকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে বলেও পুতিনকে বলেন তারা দুইজন। একইসঙ্গে ইউক্রেনে পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানান ম্যাক্রোঁ ও ওলাফ শলৎস।
চলমান ইস্যু নিয়ে একে অপরের সঙ্গে আগামী দিনেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে একমত হয়েছে এই তিন দেশের রাষ্ট্রপ্রধান।
এদিকে চলমান সংঘাতের মধ্যে মানবিক ইস্যুতে কাজ করতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার তুরস্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকের পর এমন কথা জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
সূত্র: রয়টার্স, আল জাজিরা।









