পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন গঠনে আবারও তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে রক্ষা না করলে পশ্চিমা দেশগুলোও আক্রান্ত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আপনারা যদি আমাদের আকাশ বন্ধ না করেন, তাহলে আপনাদের সীমানায়, ন্যাটো সীমানায় রাশিয়ার রকেট পড়া কেবল সময়ের ব্যাপার।’
ন্যাটো জোটের সদস্য পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের ইয়োভোরিভ সামরিক ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর আবারও নো ফ্লাই জোন গঠনের আহ্বান জানালেন জেলেনস্কি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘাঁটিতে হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং আরও ১৩৪ জন আহত হয়েছে। পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ওই ঘাঁটি।
জেলেনস্কি বারবার ইউক্রেনে নো-ফ্লাই জোন বাস্তবায়নের তাগিদ দিলেও যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোট তাতে অস্বীকৃতি জানিয়ে আসছে। কারণ এর ফলে ইউক্রেনের আকাশ পরিষ্কার রাখতে ন্যাটো বাহিনীকে রুশ প্লেন ভূপাতিত করতে হবে।
আর এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র: বিবিসি








