ইউক্রেনে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন পাঠানোর আহ্বান জানিয়েছে পোল্যান্ড। মঙ্গলবার কিয়েভে পোল্যান্ড, স্লোভেনিয়া, চেক প্রজাতন্ত্র এবং ইউক্রেনের নেতাদের বৈঠকের পর পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জারোস্লো কাকজিনস্কি এই আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খরব জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
জারোস্লো কাকজিনস্কি বলেন, ইউক্রেনের সাহায্য দরকার। দেশটিতে ন্যাটো শান্তি মিশন বা একটি বৃহত্তর আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের প্রয়োজন রয়েছে।
পোল্যান্ডের এমন আহ্বানের আগে থেকেই রাশিয়া দাবি করে আসছে, ইউক্রেনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কোনও কারণ নেই। গত সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিভাগের পরিচালক পিওত্র ইলিচেভ বলেছেন, পরিস্থিতি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকায় সেখানে শান্তিরক্ষীদের কোনও প্রয়োজন নেই।
ইউক্রেনের অভিযোগ, দেশটিতে সন্ত্রাসীর মতো আচরণ করছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, স্কুল, কিন্ডারগার্টেন, হাসপাতালে বোমাবর্ষণ করছে রুশ বাহিনী। তারা শিশুদের হত্যা করছে। লোকজনকে জিম্মি করছে। স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের অপহরণ করছে। বেসামরিক নাগরিকদের নির্যাতন করছে।









