পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনও পক্ষ পিছু হটছে না। এতে করে অচলাবস্থা সৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রুশ পদাতিক বাহিনী স্থবির হয়ে পড়েছে এবং রাশিয়ার বিমানবাহিনী এখনও ইউক্রেনের আকাশে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেনি। সোমবার ন্যাটো সদর দফতরে এসব কথা বলেন জোটের একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা।
ন্যাটো কর্মকর্তা বলেন, ইতোমধ্যে যদি অচলাবস্থা সৃষ্টি হয়ে না থাকে তাহলে পরিস্থিতি দ্রুতই সেদিকে এগোচ্ছে। রাশিয়া যদি ভুল না করত তাহলে এই অবস্থায় পড়ত না।
তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধে অচলাবস্থা সৃষ্টি হলে তা হবে বিপজ্জনক। ইউক্রেন কি হাল ছেড়ে দেবে? না। তারা খুব স্পষ্ট করেই বলেছে আত্মসমর্পণ করবে না। ফলে দুই পক্ষ এমন দৃঢ় অবস্থান নিয়ে মুখোমুখি থাকবে তখন কী হবে?
ন্যাটো কর্মকর্তা জানান, ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রাশিয়া পিছু হটছে না। গত কয়েকদিন ধরে রাশিয়ার সেনাবাহিনী পুনরায় সংগঠিত হচ্ছে।
তার মতে, রাশিয়ার এই সামরিক অভিযানের লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করা এবং সরকার বদলে ফেলা। এছাড়া ন্যাটোতে যোগদান ঠেকাতে ইউক্রেনকে নিরপেক্ষ ও নীরস্ত্র করা রাশিয়ার লক্ষ্য।
উল্লেখ্য, সোমবার মারিউপোল শহরকে আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রম করেছে। কিয়েভ বলেছে শহরটি আত্মসমর্পণ করবে না।









