ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চলমান থাকা অবস্থায় পূর্ব ইউরোপে আরও সেনা মোতায়েন করতে যাচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। বুধবার ন্যাটোতে নিযুক্ত মার্কিন দূত জুলি স্মিথ জানিয়েছে, জোটের নেতারা এই মোতায়েনের বিষয়টিতে অনুমোদন দিতে যাচ্ছেন। একই কথা জানিয়েছে জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গও। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
জুলি স্মিথ জানান, চারটি অতিরিক্ত ব্যাটল গ্রুপ হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া ও স্লোভাকিয়াতে মোতায়েন করা হবে। বৃহস্পতিবার সম্মেলনেই এই অনুমোদন দেওয়া হবে।
তিনি জানান, তারা শুধু জাতীয় বাহিনী নয়। বৈঠকের সিদ্ধান্তের পর বিস্তারিত জানানো হবে।
আটলান্টিক কাউন্সিলের একটি অনুষ্ঠানে জুলি স্মিথ জানান, পূর্ব ইউরোপে মধ্য থেকে দীর্ঘ মেয়াদে সেনা উপস্থিতির বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
স্মিথ জানান, পোল্যান্ডের পক্ষ থেকে ইউক্রেনে ন্যাটোর শান্তিরক্ষী মিশনের যে প্রস্তাব দেওয়া হয়েছে তা একেবারে বাতিল করে দেওয়া হয়নি। কিন্তু এখানে অনেক প্রশ্ন জড়িত এবং মিত্ররা পোল্যান্ডের প্রস্তাবের বিষয়ে আরও জানতে চায়।
মার্কিন দূত বলেন, আমরা এমন চিন্তা-ভাবনাকে উৎসাহিত করতে চাই।









