ইউক্রেনে রাজধানী কিয়েভে রাশিয়ার সেনাবাহিনীর গোলাবর্ষণে এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম ওকসানা বাউলিয়ানা। অনুসন্ধানী ওয়েবসাইট দ্য ইনসাইডার-এর হয়ে তিনি কিয়েভ ও লভিভ শহর থেকে খবর পাঠানোর কাজে নিয়োজিত ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
এক বিবৃতিতে দ্য ইনসাইডার জানায়, কিয়েভের পডিল জেলায় ক্ষয়ক্ষতির ভিডিওধারণের সময় বাউলিয়ানা নিহত হন।
এর আগে বাউলিয়ানা ক্রেমলিন বিরোধী নেতা আলেক্সেই নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনে কাজ করেছেন। পরে তিনি রাশিয়া ত্যাগ করেন। গত বছর এই ফাউন্ডেশনকে ক্রেমলিন অবৈধ ঘোষণা করে। এতে বাধ্য হয়ে প্রতিষ্ঠানটির অনেক কর্মী দেশ ছাড়েন।
সংবাদমাধ্যমটি জানায়, নিহতের বাউলিয়ানা কিয়েভ ও লভিভ শহরে বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছেন।
ইউক্রেনে প্রায় এক মাস ধরে চলমান যুদ্ধে অন্তত সাতজন সাংবাদিক নিহতের কথা জানা গেছে।









