ইউক্রেন ও রাশিয়ার মুখোমুখি আলোচনার পরের ধাপ তুরস্কে অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনীয় প্রতিনিধি দলের এক সদস্য রবিবার ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ডেভিড আরাখামিয়া ফেসবুকে জানান, সোমবার থেকে এই ধাপের আলোচনা তুরস্কে শুরু হবে। চলবে বুধবার পর্যন্ত।
গত মাসে যুদ্ধ শুরুর পর রাশিয়ার সঙ্গে অনুষ্ঠিত কয়েক দফার আলোচনাকে কঠিন বলে উল্লেখ করেছে ইউক্রেন।
ইউক্রেন ও রাশিয়ার প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল বেলারুশে। দেশটি রাশিয়ার মিত্র। পরে যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় নামে তুরস্ক। এই মাসের শুরুতে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আন্তালিয়াতে বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।









