ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চল থেকে ইরিনা দুবচেঙ্কো নামের স্থানীয় এক সাংবাদিককে আটক করেছে রুশ বাহিনী। আটকের পর ‘তার কাজ নিয়ে তদন্তের’ জন্য তাকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত ডোনেস্ক অঞ্চলে নিয়ে গেছে তারা। ইউক্রেনের ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আটককৃত সাংবাদিকের বোনের বরাত দিয়ে ইউনিয়ন জানিয়েছে, রাশিয়ানরা ইরিনা দুবচেঙ্কোর বিরুদ্ধে একজন আহত ইউক্রেনীয় সেনাকে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে।
এদিকে মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশ এবং দেশটির উত্তরাঞ্চলে সামরিক অভিযানের তীব্রতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। তবে এই প্রতিশ্রুতির অর্থ যুদ্ধবিরতি নয় বলে জানিয়েছেন শান্তি আলোচনায় মস্কোর শীর্ষ প্রতিনিধি। তিনি জানিয়েছেন, কিয়েভের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির এখনও অনেক বাকি।









