ইউক্রেনে অবস্থানরত রুশ বাহিনীর পুনর্বিন্যাস করা হচ্ছে আর তারা নতুন করে হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে কিয়েভ। বুধবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেক্সান্ডার মোতুজিয়ানিক এসব দাবি করেছেন।
অলেক্সান্ডার মোতুজিয়ানিক বলেন, ‘রাশিয়ার মূল প্রচেষ্টা কেন্দ্রীভূত হয়েছে পূর্ব ইউক্রেনে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলায়।’ তিনি আরও দাবি করেন, রাশিয়া এখনও দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল এবং পোপাসনা ও রুবিজনে শহর দখলের চেষ্টা করছে।
ইউক্রেনীয় মুখপাত্র বলেন, ‘তারা (রাশিয়া) আক্রমণাত্মক অভিযান ফের শুরু করার প্রস্তুতি নিচ্ছে।’ তবে তিনি স্বীকার করেন কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে কিছু রুশ সেনা সরে যেতে দেখেছে ইউক্রেনীয় বাহিনী। তবে একে ব্যাপক সেনা প্রত্যাহার হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানান তিনি।
সূত্র: রয়টার্স









