ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বকে দীর্ঘ মেয়াদে প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। তিনি বলেছেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছর গড়াতেও পারে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ন্যাটো মহাসচিব বলেছেন, জোট মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যা সংঘাতটিকে স্বল্প মেয়াদী হতে সহযোগিতা করবে।
তিনি বলেন, যদি এই যুদ্ধ দীর্ঘ সময়ে গড়ায় তাহলে ইউক্রেনের মানুষদের আরও বেশি আক্রান্ত হওয়ার প্রাথমিক ঝুঁকি থাকছে। আমরা আরও মৃত্যু ও ধ্বংস দেখব।
স্টোলটেনবার্গ বলেন, অবশ্যই যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে তা ইউক্রেন ছাড়িয়ে ছড়ানোর আশঙ্কা রয়েছে। ন্যাটো এই সংঘাতের বিস্তৃতি ঠেকানোর জন্য মনোযোগ দিচ্ছে।
তিনি জানান, জোট মিত্ররা ইউক্রেনকে আরও সামরিক সরঞ্জাম দিতে প্রস্তুত। ন্যাটো সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সোভিয়েত আমল ও আধুনিক অস্ত্র।
ন্যাটো মিত্ররা ইউক্রেনের বুচা ও অপর শহরে বেসামরিক হত্যায় রুশ সেনাদের সমালোচনা করেছেন বলে জানান তিনি।









