ইউক্রেনের খারকিভ শহরের পূর্বাঞ্চলে রাশিয়ার একটি সামরিক বহরের উপস্থিতির কথা স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে। ম্যাক্সার টেকনোলজিস-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ৮ এপ্রিল পূর্ব ইউক্রেনের ভেলকি বুরলুক শহরের মধ্য দিয়ে ৮ মাইল দীর্ঘ সামরিক বহরটি এগোচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, এই শহরটি খারকিভের পূর্বাঞ্চলে অবস্থিত এবং ইউক্রেনের রুশ সীমান্তের কাছে।
ছবির বরাতে ম্যাক্সার টেকনোলজি জানিয়েছে, বহরটিতে সাঁজোয়া যান, ট্রাক এবং কামান ও সামরিক সরঞ্জাম রয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে বড় ধরনের লড়াই চলছে। ডনবাস অঞ্চলে ভারি গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। তাদের মতে, রাশিয়া অঞ্চলটিতে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার ইউক্রেনের গোয়েন্দা প্রধান জানান, সীমান্ত অঞ্চল-জুড়ে রুশ সেনারা পুনরায় সংগঠিত হচ্ছে এবং খারকিভের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।
কর্মকর্তারা সেখানকার স্থানীয় অধিবাসীদের শহরটি ছাড়ার আহ্বান জানিয়েছেন। এমন সময় তারা এই আহ্বান জানালেন যখন রুশ সেনাবাহিনী উত্তরাঞ্চল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে মনোযোগ দিতে যাচ্ছে।









