ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে হামলা চালানোর অভিযোগ উঠেছে। অঞ্চলটির গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ‘ইউক্রেনের দিক থেকে’ গোলাবর্ষণে একজন আহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
টেলিগ্রামে দেওয়া পোস্টে বেলগোরোড অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ লিখেছেন, ‘গ্রাইভোরোনস্কি জেলার গোলভচিনো গ্রামে ইউক্রেনের দিক থেকে গোলাবর্ষণ করা হয়েছে।’
তিনি বলেন, ইউক্রেনের হামলায় সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে এ মাসেই আরও একবার ইউক্রেনের বিরুদ্ধে অঞ্চলটিতে হামলার অভিযোগ করেন গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। ওই সময়ে কিয়েভের বিরুদ্ধে অঞ্চলটির একটি তেল ডিপোতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ করেছিলেন তিনি। যদিও ইউক্রেনের পক্ষ থেকে এমন অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।









