ইউক্রেনের খেরসন অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফেক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইউক্রেনের খেরসন অঞ্চল মুক্ত করেছে তারা।
ইউক্রেনের আঞ্চলিক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে নতুন আঞ্চলিক প্রধান ও সিটি কাউন্সিল নিয়োগ দিয়েছে রুশ সেনাবাহিনী। যদিও খেরসন দখলের খবর স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি।
খেরসনের গভর্নর হেন্নাদি লাহুতা বলেন, দখলকারীরা খেরসন সিটি কাউন্সিলের প্রাঙ্গন নিয়ন্ত্রণে নিয়েছে। সেই সঙ্গে সব ধরনের ইউক্রেনীয় চিহ্ন সরিয়ে নিয়েছে। অঞ্চলটিতে রুশ নিরাপত্তা সদ্যস বসানো হয়েছে।
এদিকে রাশিয়ার সেনাদের দ্বারা নিযুক্ত প্রশাসনের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব প্রত্যাখান করেছেন খেরসন শহরের মেয়র ইহোল কোলিকায়েভ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বলেন, আমি খেরসনেই আছি এবং আমি খেরসনের বাসিন্দা। ১৮ মাস আগে এই শহরের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর পর দেশটির বেশ কয়েকটি ছোট বড় শহর দখলের দাবি করে আসছে মস্কো। তবে মারিউপোল, খারকিভের মতো গুরুত্বপূর্ণ শহর এখনও নিয়ন্ত্রণে নিতে পারেনি রুশ বাহিনী। সেখানে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা।
সূত্র: বিবিসি








