যুদ্ধাবস্থাকে কেন্দ্র করে সাময়িকভাবে স্থানান্তরের পর অবশেষে কিয়েভে ফিরছে ইউক্রেনে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার দূতাবাস। এর অংশ হিসেবে এরইমধ্যে কিয়েভে ফিরেছেন ইউক্রেনে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম হিউং তাই এবং দূতাবাসের অন্যান্য কর্মীরা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর কিয়েভ থেকে দূতাবাসটির কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছিল। মার্চ থেকে ইউক্রেনের চেরনিভৎসি শহরে একটি অস্থায়ী অফিস থেকে এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
ইউরোপের আরেক দেশ তুরস্ক এরইমধ্যে কিয়েভে তাদের দূতাবাস স্থানান্তর করেছে। রাশিয়া ও ইউক্রেন মধ্যকার যুদ্ধের কারণে অস্থায়ীভাবে ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেরনিভতসি শহরে নিজেদের ইউক্রেনীয় দূতাবাস স্থানান্তর করেছিল তুরস্ক। পরে গত ৫ এপ্রিল তুর্কি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, দূতাবাসটি তার নিজ অবস্থানে ফিরে এসেছে।









