আগামী ৯ মে সোমবার রাশিয়ার বিজয় দিবসকে কেন্দ্রে করে সতর্ক অবস্থায় ইউক্রেন। এর মধ্যেই নাগরিকদের রবি থেকে সোমবার নিরাপদে থাকার আহ্বান জানালেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো।
ওইদিন রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবসে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে সতর্ক করে আসছে পশ্চিমা দেশগুলো।
ওই দিনটিকে কেন্দ্র করে কারফিউ জারি না করলেও শহরজুড়ে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নাগরিকদের যুদ্ধকালীন নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন কিয়েভ মেয়র।
তিনি বলেন, 'আপনার বিমানের সতর্ক সংকেত উপেক্ষা করবেন না। সামনের দিনে ইউক্রেনের সব অঞ্চলে মিসাইল হামলার ব্যাপক শঙ্কা রয়েছে। সতর্ক থাকুন এবং নিজেদের নিরাপত্তার দিকটি খেয়াল রাখুন'।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে ৯ মে ‘বিজয় দিবস’ পালন করে আসছে রাশিয়া। দিনটিতে মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে বিপুল সামরিক সরঞ্জাম প্রদর্শন করে রুশ সরকার। সেখানে ভাষণ দেন প্রেসিডেন্ট পুতিন। এ বছর ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে পরিস্থিতি কিছুটা ভিন্ন। পশ্চিমাদের নিষেধাজ্ঞাসহ নানা চাপে পুতিন। তারপরও ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে পারেন তিনি।
সূত্র: সিএনএন









