ইউক্রেনের চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ সংক্রান্ত এক বিবৃতিতে নিজের এমন অবস্থানের কথা স্পষ্ট করেছে মস্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের উদ্যোগের প্রতিও সমর্থন দিয়েছে নিরাপত্তা পরিষদ। তার এই প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়াসহ পরিষদের সবকটি সদস্য দেশ।
২০২২ সালের ২৪ ফ্রেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই হামলা শুরুর পর শুক্রবার প্রথমবারের মতো এ নিয়ে সর্বসম্মত কোনও বিবৃতি দিতে সমর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ।
বিবৃতির সারসংক্ষেপ তৈরি করেছে নরওয়ে ও মেক্সিকো। এতে বলা হয়, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘ সনদ অনুযায়ী, এর সব সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মীমাংসার বাধ্যবাধকতার বিষয়টি মেনে নিয়েছে। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগের প্রতি নিরাপত্তা পরিষদের জোরালো সমর্থন রয়েছে।









