ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই এই যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর জন্য এই যুদ্ধকে একটি ‘ন্যায্য লড়াই’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। সোমবার নিজ দেশের বিজয় দিবসের প্যারেডে দেওয়া ভাষণে তিনি দাবি করেছেন, ‘রাশিয়ার নিরাপত্তার জন্যই ইউক্রেনে লড়াই করছে রুশ যোদ্ধারা।’ তবে ইউক্রেনীয়দের কাছে তার এসব দাবি একেবারেই ফাঁপা আলাপ হিসেবে প্রতীয়মান হচ্ছে। সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
বিবিসি বলছে, মারিউপোলে রুশ অবরোধ বন্দর শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, এটিকে মুক্ত করেনি। সংঘাতের তীব্রতায় বেসামরিক লোকজন পালিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন এলাকা এবং স্থানীয় রাস্তাঘাটগুলো এখনও সেখানে রুশ বাহিনীর তাণ্ডবের সাক্ষী হয়ে আছে। কিয়েভের আশেপাশে কিংবা রাস্তার ধারের যাবতীয় ধ্বংসস্তূপ এখনও সারিয়ে উঠতে পারেনি কর্তৃপক্ষ।
কিয়েভের দিকে যাওয়ার পথে অঞ্চলটিতে রুশ বাহিনীর ধ্বংসযজ্ঞের যে চিত্র চোখে পড়ে সেটি রীতিমতো শ্বাসরুদ্ধকর। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি, পেট্রোল স্টেশন কিছুই বাদ যায়নি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার হাত থেকে।
অনেক ক্ষেত্রেই রুশ বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের অপহরণ, মারধর ও মৃত্যুদণ্ড কার্যকরের সুস্পষ্ট প্রমাণ রয়েছে।









