ইউক্রেনের মধ্যাঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বড় অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রবিবার রুশ বার্তা সংস্থা তাস-এর বরাতে রয়টার্স এখবর জানিয়েছে।
তাস উল্লেখ করেছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডনিপ্রো অঞ্চলে রাশিয়ার বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ জানান, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত রুশ সেনারা ইউক্রেনের ১৮৩ টি লড়াইয়ের উড়োজাহাজ, ১০৪৯টি ড্রোন, ৩ হাজার ৩০৯টি ট্যাংক ও সাঁজোয়া ঝান এবং ৪৪৭টি মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দেশটির দাবি, তারা ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই আক্রমণকে বিনা উসকানিতে আগ্রাসী যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। তবে এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।
কোনাশেনকভ জানান, রাশিয়ার বিমানবাহিনী ক্রিভোই রগ এলাকার শিল্পাঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বড় অস্ত্রাগার ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে।
রাশিয়ার এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।









