- রুশ সেনারা ইউক্রেনীয় শহর সেভেরোডোনেস্কের শহরতলীতে প্রবেশ করেছে। আঞ্চলিক গভর্নর সারহি গাইদাই লড়াইকে ‘খুব তীব্র’ বলে উল্লেখ করেছেন। ইউক্রেনের জাতীয় টেলিভিশনে হাজির হয়ে তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত আমাদের দুঃসংবাদ রয়েছে। শত্রুরা শহরের দিকে এগিয়ে আসছে।
- “প্রায় ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়েছে। শহরে আবাসনের দুই-তৃতীয়াংশের বেশি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কোনও টেলিযোগাযোগ নেই। “ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এসব কথা বলেছেন। ভাষণে তিনি সেভেরোডোনেস্কের পরিস্থিতি বর্ণনা করেন।
- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিষয়ে ইইউ সদস্যদের একমত হওয়া উচিত। এর মধ্যে থাকবে রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা। সোমবার ইইউ নেতাদের জরুরি সম্মেলনে ভাষণ দেবেন জেলেনস্কি। তিনিও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে চাপ দেবেন।
- রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মধ্যরাতের লড়াইয়ে ৩২০জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তারা জাহাজ নির্মাণ কারখানা ও সেখানে থাকা ১৫টি ট্যাংক ধ্বংস করার দাবি করা হয়েছে। রাশিয়া আরও দাবি করেছে, গতরাতে ইউক্রেনের ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
- ইউক্রেনীয় সেনাবাহিনীর ছোড়া গোলাবর্ষণে ডনেস্ক-এর মধ্যাঞ্চলে পাঁচ ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে। সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে, একটি স্কুলকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। রুশ নিয়ন্ত্রিত মেলিতোপোলে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এখানেও ইউক্রেনীয় নাশকতাকারীদের দায়ী করা হয়েছে।
- দখলকৃত খেরসনে সামরিক-বেসামরিক প্রশাসনের উপ-প্রধান কিরিল স্ট্রেমৌসভ জানান, খেরসন থেকে খাদ্যশস্য রাশিয়ায় পাঠানো হচ্ছে।
- যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি মতে, চলমান আক্রমণে রাশিয়া নিজেদের সেনাবাহিনী মাঝারি ও জুনিয়র অফিসার পর্যায়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
- ইউক্রেনের ডনবাস অঞ্চলের স্বাধীনতা মস্কোর কাছে শর্তহীন অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রবিবার তিনি বলেন, ইউক্রেনের অন্য অঞ্চলগুলো তাদের ভবিষ্যত নিজেরাই নির্ধারণ করবে।
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতা নিয়ে জল্পনাও উড়িয়ে দিয়েছেন ল্যাভরভ। তিনি বলেছেন, পুতিন প্রতিদিন প্রকাশ্যে হাজির হচ্ছেন।
- সোমবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কোলোনা কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ এবং আরও সহযোগিতার প্রস্তাব দেবেন তিনি।
- রবিবার জেলেনস্কি খারকিভে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রুশ সেনাদের দ্বারা দ্বিতীয় বৃহত্তম শহরের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন তিনি। যুদ্ধ শুরুর পর রাজধানী কিয়েভের বাইরে এটিই তার প্রথম সফর।
- খারকিভ অঞ্চলের প্রায় ৩১ শতাংশ রুশ সেনাদের দখলে রয়েছে। ৫ শতাংশ ইউক্রেনীয়রা মুক্ত করেছে বলে দাবি করেছেন খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান।
- পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর উপ-মহাসচিব মিরসিয়া জিওনা বলেছেন, পূর্ব ইউক্রেনে সেনা মোতায়েন না করার বিষয়ে অতীতের প্রতিশ্রুতি মানতে এখন আর বাধ্য নয় মার্কিন নেতৃত্বাধীন জোটটি। ইউক্রেনে হামলা চালিয়ে এবং জোটের সঙ্গে সংলাপ থামিয়ে ন্যাটো-রাশিয়া ফাউন্ডিং অ্যাক্ট নিজেই ভঙ্গ করেছে মস্কো।
সূত্র: দ্য গার্ডিয়ান









